আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটার সংখ্যা, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনায় নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কারিগরি কমিটি সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে।

ইসি আনোয়ারুল আরও বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১ অনুযায়ী, সীমানা নির্ধারণে তিনটি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে—প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি। যদিও ২০২২ সালের আদমশুমারির কিছু তথ্য অসামঞ্জস্যপূর্ণ, তবে হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করে গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার। এর ভিত্তিতে গ্রেডিং করে কারিগরি কমিটি সবচেয়ে বেশি ও কম ভোটারসংখ্যার জেলা চিহ্নিত করেছে।

তাদের সুপারিশ অনুযায়ী গাজীপুরে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানো হচ্ছে। অন্যদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে কম হওয়ায় সেখানে একটি আসন কমানো হচ্ছে।

যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আসছে:

পঞ্চগড়: ১ ও ২, রংপুর: ৩, সিরাজগঞ্জ: ১ ও ২, সাতক্ষীরা: ৩ ও ৪, শরীয়তপুর: ২ ও ৩, ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর: ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ: ৩, ৪ ও ৫, সিলেট: ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া: ২ ও ৩, কুমিল্লা: ১, ২, ১০ ও ১১, নোয়াখালী: ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম: ৭ ও ৮, বাগেরহাট: ২ ও ৩ ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সীমানা পুনর্গঠন চূড়ান্ত হলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নতুন সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।