সরকার ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত এবং রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন (নং-১৪৩) জারি করা হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি কমিটি জেলার কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে বন্দিদের চূড়ান্ত তালিকা তৈরি করেছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই ৩৭ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, “যাদের সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তারা যারা রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছেন, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফ করেছে।”
তিনি আরও বলেন, “এ আদেশ অনুযায়ী মোট ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বছর বা ৬ বছর। সব অবশিষ্ট সাজা মওকুফ হওয়ায় এবার তারা মুক্তি পাবেন। এদের মধ্যে কোনো নারী বন্দি নেই, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল।”





