২০২৬ সালের মার্চের মধ্যে প্রথম পরীক্ষামূলকভাবে ‘শহীদ সোলেইমানি’ নামের একটি ন্যারোব্যান্ড উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। সম্প্রতি দেশটির মহাকাশ সংস্থা এই ঘোষণা দিয়েছে।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়, এটি ইরানের বৃহৎ উপগ্রহ প্রকল্পের প্রথম পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় ভবিষ্যতে ২০টি ন্যারোব্যান্ড উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যা ‘ইন্টারনেট অব থিংস’ (IoT) প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানান, ‘শহীদ সোলেইমানি’ প্রকল্পটি ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করে তৈরি হচ্ছে।
তিনি বলেন, “এই প্রকল্পের লক্ষ্য হলো— দেশজুড়ে ন্যারোব্যান্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। সারা দেশে আধুনিক প্রযুক্তির সুবিধা ছড়িয়ে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে এই প্রকল্পের নকশা পর্ব শুরু হয় এবং বর্তমানে বেশিরভাগ সাবসিস্টেম নির্মাণাধীন রয়েছে। সালারিয়েহ আরও জানান, সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ অংশগ্রহণে একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, ইরানি সৌর হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে শুরু হবে নতুন বছর। সে সময়ের মধ্যেই প্রথম উপগ্রহটি উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে তেহরান।





