২০২৬ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। তার পাশে ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

আগে ধারণা করা হচ্ছিল লাস ভেগাসও ড্র অনুষ্ঠানের সম্ভাব্য জায়গা হতে পারে। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন বেছে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে ট্রাম্প সরাসরি বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। যদিও তিনি ড্র অনুষ্ঠানে ভূমিকা রাখবেন কিনা, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি।

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “কেনেডি সেন্টার থেকে দুর্দান্ত সূচনা হবে, আর আমরা এতে সম্পৃক্ত থাকব।” অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমও উপস্থিত ছিলেন।

এ সময় ট্রাম্প ও ইনফান্তিনো ট্রফি হাতে নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন। ট্রাম্প মজার ছলে জিজ্ঞেস করেন, “আমি কি এটা রেখে দিতে পারি?” উত্তরে ইনফান্তিনো বলেন, “এটা শুধু বিজয়ীদের জন্য, আর যেহেতু আপনি একজন বিজয়ী, আপনিও ধরতে পারেন।”

কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারফর্মিং-আর্টস সেন্টার, যেখানে কনসার্ট হল, অপেরা হাউস ও থিয়েটার রয়েছে।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। তবে আসরটি শুরু হবে কয়েক মাস পর, ১১ জুলাই ২০২৬ থেকে। সর্বশেষ যুক্তরাষ্ট্রে পুরুষদের বিশ্বকাপ হয়েছিল ১৯৯৪ সালে। সেই আসরের ড্র হয়েছিল লাস ভেগাসে, যেখানে ফাইনালে ব্রাজিল হারিয়েছিল ইতালিকে।

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি ড্র অনুষ্ঠানের আয়োজক হলেও আসল টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে না। বিশ্বকাপের ম্যাচ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে, যার মধ্যে ১১টি শহর যুক্তরাষ্ট্রে অবস্থিত।