১৯৭১ সালের মহান বিজয় দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।


\r\n

বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, বিজয় দিবস শুধু একটি দিন নয়। এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক সাফল্যের প্রতীক। ওই যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে যায়।


\r\n

সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয় এবং একটি নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম নিশ্চিত করে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, নিপীড়ন ও অত্যাচারের অবসান ঘটে, যা একটি বৃহৎ জনগোষ্ঠীর ওপর চালানো হয়েছিল।


\r\n

পোস্টে আরও উল্লেখ করা হয়, মাত্র ১৩ দিনের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প ও সামরিক দক্ষতার পরিচয় দেয়। এর ফলেই ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণে বাধ্য হয়, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে স্বীকৃত।