১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে শিক্ষক নিবন্ধনের সনদ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, রায়ের কপি ইতোমধ্যেই তাদের কাছে পৌঁছেছে। সংস্থার কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রিটকারী প্রার্থী মো. মিলন বলেন, \"আদালত আমাদের বক্তব্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সঠিক রায় দিয়েছেন। আমরা চাই, রায় দ্রুত বাস্তবায়ন হোক।\"
এ বিষয়ে এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান বলেন, \"আদালতের নির্দেশনার কপি আজ আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান পরবর্তী সিদ্ধান্ত নেবেন।\"
এনটিআরসিএ সূত্রে আরও জানা গেছে, এই রায়ের ফলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কিন্তু সনদ না পাওয়া শত শত প্রার্থী উপকৃত হতে পারেন।





