আগামী ১৩ অক্টোবর, সোমবার বান্দরবানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার, ৯ অক্টোবর সকালে বান্দরবানের একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে এবং তাদেরকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এসব বৈষম্যের বিরুদ্ধে এবং বাঙালিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আটটি দাবিনির্ভর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই দাবিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধান অনুযায়ী শাসনব্যবস্থা চালু করা। জমি কেনাবেচা, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান ‘রাজার সনদ’ প্রথা বিলুপ্ত করা এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অন্যান্য জেলার মতোই জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা কার্যকর করা। বাজার ফান্ড পুটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করার দাবিও জানানো হয়েছে।
এছাড়া, উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পূর্বে প্রত্যাহার করা ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের জন্য সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
হরতালের আওতার বাইরে থাকবে সরকারি অফিস-আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন, অ্যাম্বুলেন্স, খাবার ও ওষুধের দোকান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ পরিবহনের গাড়ি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।





