ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ন্যায্য দাবিতে শেফার্ড গ্রুপের শ্রমিকরা সোমবার (১৩ অক্টোবর) সকাল কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবস্থান কর্মসূচির পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। তারা দাবী করেন, মাসিক বেতন নির্ধারিত সময়ে প্রদান, ওভারটাইমের হার পূর্বের মতো ৬৮ শতাংশে বহাল রাখা, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল বাড়ানো এবং অবসরোত্তর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধ করা হোক।
শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়ায় জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। তারা বলেন, প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হয়, তবে আবারও আন্দোলনে নামবেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ অক্টোবরের মধ্যে পরিশোধ করা হবে।





