সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর টহল দলের এক সদস্যের মারধরে ইসমাইল হোসেন সানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া বাজারসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইসমাইল হোসেন তিন বন্ধুকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। সে সময় তাঁরা হেলমেট ছাড়া চলাচল করছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের মুখোমুখি হন তাঁরা।


স্থানীয়দের দাবি, সেনা সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করেন এবং একপর্যায়ে ইসমাইল হোসেনকে মারধর করেন। মারধরের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই সেনা সদস্যরা এলাকা ত্যাগ করেন বলেও স্থানীয়রা জানান।


এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।


আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, তিনি মৌখিকভাবে এমন একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে এবং কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান, বর্তমানে তিনি ক্যাম্পের বাইরে অবস্থান করছেন।