হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, “দেশের মানুষ প্রতিটি ধর্মীয় উৎসব উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে পালন করে থাকে। এটি আমাদের দেশের আদি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। বাংলাদেশি হিসেবে এভাবেই প্রতিফলিত হয় আমাদের বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যকার বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব।

তারেক রহমান উল্লেখ করেন, “আমাদের সংবিধান ও রাষ্ট্র প্রতিটি নাগরিক—বিশ্বাসী বা অবিশ্বাসী, ধর্ম বা গোষ্ঠী নির্বিশেষে—নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নাগরিকরা একে অপরের নিরাপত্তা ও সম্মান রক্ষায় দায়িত্বশীল হবেন। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে।”

তিনি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “উৎসব উদযাপন করুন উৎসাহ ও আনন্দের সঙ্গে, নিরাপদভাবে এবং নিশ্চিন্তে। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

শেষে তিনি আবারো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বার্তাটি শেষ করেন।