বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দেশের জনগণ কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, \"বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, ভবিষ্যতেও করবেন না।\"

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, \"বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং গণহত্যাকারী হলো শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাদের বিচার না হলে গত ১৫ বছর ধরে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন কিংবা সম্প্রতি আন্দোলনে প্রাণ দিয়েছেন—তাদের আত্মত্যাগ অসম্মানিত হবে। আহতদের প্রতিও তা হবে অপমান।\"

তিনি আরও বলেন, \"এই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার সেই বিচার করবে।\"

আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে হিটলারের অনুসারী এবং ‘দানব’ আখ্যা দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “এই দানবদের অন্যতম কারিগর হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা হয়। তিনি গণতন্ত্র এবং দেশের স্বাধীনতাকে অপমান করেছেন।”

বিএনপি নেতার ভাষ্য, \"খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের ভালোবাসায় সবচেয়ে জনপ্রিয় নেতা-নেত্রী। তারা দেশপ্রেমিক, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি এবং করবেন না। ভবিষ্যতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ‘দুর্নীতির ও নিপীড়নের’ বিচার করবে।\"

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। আরও বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।