রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

মোট তিন মামলায় ৫৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। মামলাগুলোর অন্যতম আসামি শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ তিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২ নভেম্বর নির্ধারণ করেন। বিষয়টি আদালতের পেশকার বেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। এ মামলার মোট সাক্ষীর সংখ্যা ২৬।

দ্বিতীয় মামলায় আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১৬ জন, যেখানে মোট সাক্ষী ২২ জন।

তৃতীয় মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১৯ জন; এই মামলার মোট সাক্ষী ২৮ জন।

গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। এ মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

একইভাবে, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও ১৩ জানুয়ারি একই অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে তিনি ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তৃতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান, রাদওয়ান মুজিব সিদ্দিককে প্রধান আসামি করে। এ মামলায়ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন—মো. সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার, আনিছুর রহমান মিঞা, খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, ফারিয়া সুলতানা, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, শেখ শহিদুল ইসলাম, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শরীফ আহমেদ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।