জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'খুনি' আখ্যা দিয়ে আইনি বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
\r\nরোববার (১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, \"হাসিনা হাজারের অধিক খুনের নির্দেশদাতা। তিনি একজন খুনি। বাংলাদেশের আইনে খুনির সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায় আছি।\"
\r\nএই মন্তব্য এমন সময় এল, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে।
\r\nরোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
\r\nশেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অপরদিকে, গ্রেপ্তার অবস্থায় থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।
\r\nএই মামলায় মোট পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন এলাকায় সংঘটিত গণহত্যা, অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা ছিল।
\r\nআলোচিত এ মামলার শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশের বিচার ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
\r\nএদিকে সারজিস আলমের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





