পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ইমরান খান বর্তমানে সুস্থ আছেন।


\r\n

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জানান, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তার দলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে হাসপাতালে নেওয়া হয়।


\r\n

তারার বলেন, প্রথমে চক্ষু বিশেষজ্ঞরা আদিয়ালা কারাগারেই ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়।

\r\n

তিনি জানান, হাসপাতালে ইমরান খানের চোখের পুনরায় পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা দেওয়ার পর তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।


\r\n

তথ্যমন্ত্রী বলেন, “ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। প্রয়োজন অনুযায়ী কারা বিধি মেনে সব বন্দির মতো তাকেও চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়া হবে।”


\r\n

এর আগে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার খবরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান উদ্বেগ প্রকাশ করেন। ওই উদ্বেগের প্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে।