বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা কমছে বলে ইঙ্গিত মিলেছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে এই তথ্য নিজেই প্রকাশ করেন হাসনাত।

তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহার দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা স্বাগত জানাই।”

এর আগে নির্বাচন কমিশন ভবনে ঘটে যাওয়া একটি ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য প্রতিফলিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও সমালোচনা চলেছিল।

বৈঠকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন, সংস্কার এবং বিচার প্রসঙ্গ তুলে বলেন, “শুধু নির্বাচন নয়, সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গও টেনে বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।”

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।