ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ার সতর্কবার্তার কয়েক ঘণ্টা পরেই ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

\r\n

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান। তবে ইসরায়েল হামলা বন্ধ না হলে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ইরান।

\r\n

এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেন, তার দেশ একটি 'প্রলম্বিত অভিযান'-এর জন্য প্রস্তুত রয়েছে এবং সামনে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলেও সতর্ক করেন তিনি।

\r\n

উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গত রাতেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। অন্যদিকে, ইরান ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

\r\n

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।