হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (হাকসু) এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের দাবিতে শিক্ষার্থীরা গতকাল অনশন করেন।

প্রথমে দুইজন শিক্ষার্থী অনশনে বসলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শেষে অনশন কর্মসূচি স্থগিত করা হয়।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী এটিএম ছিফাতুল্লাহ জানান, প্রশাসনের পক্ষ থেকে একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আজ (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. আবু সাঈদ মন্ডলকে, যিনি হল সুপার কাউন্সিলের আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন: অধ্যাপক ড. মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ, অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান, হল সুপার, শহীদ আবরার ফাহাদ হল, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, প্রক্টর, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, সহকারী পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, অধ্যাপক ড. মোহাম্মাদ মোশারফ হোসেন ভূঁইয়া, হল সুপার, বেগম রোকেয়া হল, অধ্যাপক মো. মামুনার রশীদ, হিসাববিজ্ঞান বিভাগ, অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ (সদস্য-সচিব)

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এই কমিটি হাকসু গঠনের জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং তা প্রণয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডার, বিশেষ করে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হবে।

উপাচার্য আশ্বাস দেন, শিক্ষার্থীদের দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক এবং একটি সুষ্ঠু, কার্যকর ও অংশগ্রহণমূলক হাকসু গঠনে কাজ করবে।