নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।


শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টায় হাতিয়ার চর ইশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইসরাত রায়হান অমি সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।


ঘটনার সূত্রপাত ঘটে ১৮ ডিসেম্বর। আবদুল হান্নান মাসউদের চাচা ও এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়েছে, ‘Israt Raihan Ome’ এবং ‘রুপক নন্দী’ নামের দুটি ফেসবুক আইডি থেকে হান্নান মাসউদ ও তার সহযোগীদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।


ভাইরাল হওয়া হুমকিতে অমি লিখেছিলেন—“হান্নান বল আর তানভির বল, যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।”


জিডিতে অমি ছাড়াও আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) এবং ওমর ফারুক (৩২)।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, জিডি পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। হুমকির স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে আজ প্রধান অভিযুক্ত অমিকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের বিরुद्धেও শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।