ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।


\r\n

সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


\r\n

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের মতো নোবিপ্রবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। দলমত নির্বিশেষে বিভিন্ন শিক্ষার্থী ওই মিছিলে অংশ নিলেও ছাত্রদলের শীর্ষ নেতারা তাতে যোগ দেননি। পরে আলাদাভাবে ছাত্রদলের পক্ষ থেকে আরেকটি মিছিল করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অংশ নেন নোবিপ্রবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।


\r\n

এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার (২২ ডিসেম্বর) তার সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।


\r\n

পদ স্থগিত হওয়ার বিষয়ে মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।


\r\n

এদিকে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদল বিপ্লবী শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। হাদি হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। তিনি আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই আমাদের কাছে চূড়ান্ত।