সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।


\r\n

বালাকৃষ্ণান বুধবার (১৭ ডিসেম্বর) রাতে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেখার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে তার চিকিৎসার সবশেষ তথ্য অবহিত করেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত পৌনে ৯টার দিকে ফোনে হাদির চিকিৎসা কার্যক্রমের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।


\r\n

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।


\r\n

জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিত ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।


\r\n

নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর (শুক্রবার) বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে হামলাকারীরা তাকে গুলি করে, যা মাথায় লাগে। গুরুতর অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয় এবং রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছিলেন। পরে সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়।