ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রবিবার সকালে এই তথ্য জানান সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবরটি প্রকাশ করেছে বিডি নিউজ।
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে পেছনে বসা এক আততায়ী মোটরসাইকেল থেকে গুলি চালান। গুলিটি হাদির মাথায় লাগে।
প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে এক দফা অস্ত্রোপচার করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’।
শনিবার পুলিশ সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাদির আততায়ীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন।
হাদির সতীর্থদের মতে, হামলাকারী হাদির নির্বাচনি প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন।
ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে রবিবার সকালে র্যাব পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, আব্দুল হান্নান নামে ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে এবং র্যাব-২ নিশ্চিত করেছে, তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক।





