নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরি উদ্বোধনের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্বকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

নলচিরা ঘাটের বাসিন্দা নুর হোসেন জানান, ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এক গ্রুপ অন্য গ্রুপকে এলাকা থেকে বের করার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয় এবং এতে অনেকেই আহত হন।

এদিকে, ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, নলচিরা ঘাটে তাদের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, বারবার এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার রয়েছে। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে সাধারণ মানুষকে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং অপরাধীরা আইনের আওতায় না এলে কর্মসূচি চলবে।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, হামলার খবর শুনেছেন, তবে আহতের বিষয়ে তার জানা নেই। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।