সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহারে প্রাপ্ত ১২,৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণ করছে সরকার। এর মধ্যে নোয়াখালী জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৪৩ কার্টুন, যার মধ্যে হাতিয়া উপজেলার অংশের হিসেবে আসে ২৫ কার্টুন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই বরাদ্দ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাতিয়ার বরাদ্দকৃত ২৫টি কার্টুন খেজুরের প্রতিটিতে ৮ কেজি করে খেজুর রয়েছে, মোট ২০০ কেজি।
এমপি হান্নান মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরগুলো এখনও জেলা প্রশাসনের মাধ্যমে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছায়নি। খেজুরগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসাগুলোতে সমানভাবে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, নাগরিকদের বিভিন্ন মাধ্যমে খেজুর বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার উদ্দেশ্যে এই তথ্য শেয়ার করেছেন। তিনি জবাবদিহিতায় বিশ্বাসী এবং নাগরিকদের সচেতনতা ও প্রশ্ন তোলার জন্য হাতিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া, এমপি হান্নান মাসউদ উল্লেখ করেছেন যে, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত শ্বেতপত্র প্রকাশ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজনের উদ্যোগও তিনি বাস্তবায়ন করবেন।





