চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদ্রাসার ওপর সন্ত্রাসী হামলা ও শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৭ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‌্যালি হাটহাজারী মাদ্রাসার পাশে গেলে আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক মসজিদ ও মাদ্রাসার প্রতি অশোভন আচরণ করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। এতে শতাধিক ছাত্র গুরুতর আহত হয়। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গোলাম পরওয়ার বলেন, হাটহাজারী মাদ্রাসা দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান। এমন হামলা একটি গভীর ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড। ধর্মীয় পবিত্র স্থানসমূহে অবমাননা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, “ধর্মীয় স্থানে এই ধরনের হামলা দেশ ও সমাজে বিভেদ ও সহিংসতা ছড়াতে পারে। ইসলামের শিক্ষা শান্তি, সংযম ও সহনশীলতা।”

তিনি সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।