ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি, সর্বশেষ দফায় হাইপারসনিকসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালানো হয়েছে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও আরও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া ইসরায়েলের রামাত দাভিদ বিমানঘাঁটি এবং হাইফা বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে। তবে এসব হামলার বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





