মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিকটবর্তী আকাশসীমায় লাইভ-ফায়ার সামরিক মহড়া চালাতে নোটিশ টু এয়ারমেন (নোটাম) জারি করেছে ইরান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালির আশপাশে ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত লাইভ-ফায়ার কার্যক্রম পরিচালিত হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত এলাকার পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার অঞ্চলের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এ সময় ভূমি থেকে শুরু করে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকবে।


এদিকে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল (এএফসেন্ট) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কয়েক দিনব্যাপী একটি প্রস্তুতি মহড়া চালানো হবে। এই মহড়ার লক্ষ্য দ্রুত সেনা মোতায়েন ও রসদ সরবরাহের সক্ষমতা প্রদর্শন করা।


ওয়াশিংটন আগেই জানিয়েছে, তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়লে সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে। এর পাল্টা জবাবে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক।


বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায়, অঞ্চলটিতে যেকোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।