হবিগঞ্জে মোবাইল ফোনে হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিজনা রহমান তানিন তাকে এ জামিন দেন। আদালতের আদেশে বলা হয়েছে, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।


গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে তার মুক্তির দাবিতে নেতাকর্মীরা দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


এ ঘটনায় রোববার বাহুবল থানায় অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।


আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।