জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় রনি খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।
গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, নজরুল ইসলাম মজুমদার মামলার এজাহারনামীয় আসামি। ১৯ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত আন্দোলন দমাতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অনেকেই আহত হন, বাদীও গুলিবিদ্ধ হন। তাই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানাই। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ১৯ জুলাই বিকেলে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় রনি খানের গলায় গুলি লাগে। দীর্ঘ চিকিৎসার পর তিনি গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর ঢাকার গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।





