ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করা সৌভাগ্যের বিষয়। তাই হজযাত্রীদের মাতাপিতার মতো সেবা ও যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের ‘প্রশিক্ষণ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

মন্ত্রী বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর যথাযথ সেবা না দিলে জবাবদিহির মুখোমুখি হতে হবে। তিনি হজ গাইডদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গঠিত সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও মসৃণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না করার নির্দেশনাও দেন তিনি।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি পর্যায়ে সেরা তিনজন হজ গাইডকে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।