মিশরের পর্যটন শহর শারম আল-শেখের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত এবং দুজন আহত হয়েছেন।

আল-কাহেরা নিউজ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে এতে পাঁচজন কাতারি নাগরিক এবং একজন মিশরীয় চালক ছিলেন। ঘটনাস্থলেই তিন কাতারি কূটনীতিকের মৃত্যু হয়। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং জানায়, আজ তাঁদের মরদেহ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার আগে কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন। এই আলোচনা কয়েক মাস ধরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছিল।

এদিকে, সোমবার থেকে শারম আল-শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন। সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন এবং গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।