দেশের প্রয়োজনে সেনাবাহিনীর গঠনমূলক ও নিরলস ভূমিকার প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
রোববার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ–২০২৫-এর প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
তিনি আরও বলেন, প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বদানে যোগ্য অফিসারদের পদোন্নতির নির্দেশনা দেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, “দেশের সামগ্রিক নিরাপত্তা ও কাঠামোগত স্থিতিশীলতায় সেনাবাহিনীর কার্যকর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এর আগে সেনাসদরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।





