মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য নতুন আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ যারা স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাবেন, তাদের প্রত্যেককে ৩ হাজার ডলার করে নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যে বিমান টিকিটও দেওয়া হবে।


\r\n

সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এর আগে স্বেচ্ছা প্রত্যাবাসনে সহায়তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। বর্তমান প্রশাসন তা তিন গুণ বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করেছে।


\r\n

এ বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় দেশত্যাগ করা উচিত। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবে। সে ক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার কোনো সুযোগ আর থাকবে না বলেও তিনি সতর্ক করেন।


\r\n

ট্রাম্প প্রশাসন চলতি বছরের মার্চে ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ চালু করে। এই অ্যাপের মাধ্যমে অভিবাসীরা সহজেই স্বেচ্ছায় দেশত্যাগের আবেদন করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, জো বাইডেন প্রশাসনের সময়ে একই অ্যাপ ‘সিবিপি ওয়ান’ নামে পরিচিত ছিল এবং তখন এটি যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশের জন্য ব্যবহৃত হতো।


\r\n

ডিএইচএসের তথ্য অনুযায়ী, একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, আটক ও জোরপূর্বক বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় ১৭ হাজার ডলার ব্যয় হয়। সে তুলনায় ৩ হাজার ডলার দিয়ে স্বেচ্ছায় প্রত্যাবাসন করানো সরকারের জন্য অনেক বেশি সাশ্রয়ী।


\r\n

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প প্রতি বছর ১০ লাখ অভিবাসী প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে প্রত্যাবাসন করেছে তার প্রশাসন। ২০২৬ সাল থেকে এই অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।


\r\n

এই লক্ষ্য বাস্তবায়নে হাজার হাজার নতুন এজেন্ট নিয়োগ, নতুন ডিটেনশন সেন্টার নির্মাণ এবং অবৈধ অভিবাসী শনাক্তে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিচ্ছে মার্কিন সরকার।