বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে তাদের ভোট দেয়, তবে আমি জনগণকে সালাম দেব। তবে মনে রাখতে হবে, তাদের এই আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে সহ্য করতে পারি না—এ কথা কিন্তু আমরা এখনো বলিনি।”
শনিবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে উপজেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীনতাযুদ্ধে আপনারা (জামায়াত) অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন—নির্বাচনের আয়োজন করুন। যদি কেউ চাপ দেয় বা বাধা সৃষ্টি করে, বিএনপি আপনার পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, জনগণের ভোটাধিকারের জন্য পাগল। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তবে সেটা মেনে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।”
বর্তমান আলোচিত পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন পদ্ধতি নিয়ে সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, “এই পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় তা গ্রহণযোগ্য নয়। এটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার একটি চেষ্টা মাত্র।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানসহ স্থানীয় নেতারা।





