দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে তারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।


দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।


শিক্ষকদের মূল দাবি— বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন।


শনিবার শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে বহু শিক্ষক আহত হওয়ার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, পুলিশের ওই হামলা ছিল শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা।


এর আগে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের চারটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে তারা শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন।


শাহবাগ থানার সামনে পুলিশ ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক আহত হন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।


আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের হামলার পর শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন, যেখানে অনেকে অসুস্থ হয়ে পড়েন।