রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি এখনো অনুমোদিত হয়নি। দীর্ঘদিন দাবি জানিয়ে সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।


গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মাধ্যমে আন্দোলন শুরু হয়। এরপর কয়েক দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, গান এবং প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ করা হয়, যাতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে ও ব্যাপক যানজট সৃষ্টি হয়।


উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলের নিরাপত্তায় স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসসহ একাধিক ট্রেন মাঝপথে যাত্রা বিরতিতে রয়েছে। এতে ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় ঘটেছে।