সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী একটি বিমানে বোমা আতঙ্কের ঘটনা ঘটেছে, যার কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবার (১ নভেম্বর) প্রতিবেদনে জানা গেছে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ায় বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। হুমকিতে ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দরে ঘটেছিল এমন বিস্ফোরণ উল্লেখ করা হয়েছিল।
ইন্ডিগো একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা হুমকি পাওয়ার পর ফ্লাইটটি মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জানানো হয় এবং বিমানটি সম্পূর্ণ নিরাপত্তা পরীক্ষা শেষে পুনরায় উড্ডয়ন অনুমোদন পায়।
বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদ পৌঁছানোর কথা ছিল, কিন্তু হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করতে হয়। নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি বিকেল ৪টার দিকে হায়দরাবাদে পৌঁছায়।
ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত আপডেট এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
একটি সূত্র জানায়, হুমকির ই-মেইলে ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দরের বিস্ফোরণ উল্লেখ ছিল। ২ আগস্ট ১৯৮৪ সালে চেন্নাইয়ের (তৎকালীন মাদ্রাজ) বিমানবন্দরে মিনামবাক্কম বিস্ফোরণে ৩৩ জন নিহত হন। এর পেছনে ছিল শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল ইলম আর্মি।





