সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের দুই শিশুসহ চারজন রয়েছেন। দুর্ঘটনায় পরিবারের আরও এক কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতরা হলেন মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে এবং বাংলাদেশ সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী মেহের আফরোজ সুমী ও তিন কন্যা মোহনা, ফাইজা ও সুবাহকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
রামগঞ্জ থানা–র ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, তিনি বিষয়টি জেনেছেন। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।





