মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের কাছে এফ–৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব তিনি বিবেচনা করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে বলেও তিনি নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব 
তথ্য জানান।


ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য শক্তিধর দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর পরিকল্পনা করছে। তবে এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।


সৌদি আরবের আগ্রহের বিষয়ে তিনি বলেন, দেশটি লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায়। “তারা অনেক জেট চাইছে। বিষয়টি আমরা বিবেচনা করছি,” বলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এ বিক্রয় চুক্তি নিয়ে আলোচনা হতে পারে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে। ওই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা–সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে।


এদিকে পেন্টাগনের একটি গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করে বলা হয়েছে, সৌদির কাছে এফ–৩৫ বিক্রি হলে এর প্রযুক্তি চীনের হাতে পৌঁছাতে পারে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প বিবিসির সঙ্গে চলমান আইনি ইস্যুতেও মন্তব্য করেন। তিনি জানান, বিবিসির বিরুদ্ধে আগামী সপ্তাহে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করা হবে। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ট্রাম্পের। বিতর্কের পর বিবিসি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে প্রামাণ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। তথ্যসূত্র: সামাটিভি