সৌদি আরবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত ওই স্টেশনে ড্রোন আঘাত হানে এবং বিস্ফোরিত হয় বলে জানিয়েছে রয়টার্স। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর জবাবে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন ও ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে কাতারে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্লিপার সেল শনাক্তের পর ১০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।