সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে দেশটির ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি (নাজাহা) এই অভিযান চালায়।


\r\n

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরবি দৈনিক ওকাজের বরাত দিয়ে এ তথ্য জানায় গালফ নিউজ।

\r\n

নাজাহা জানায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী পরিচালিত একাধিক অভিযানে ঘুস গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সময়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার ৪৪০টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়।


\r\n

জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।


\r\n

সংস্থাটি জানায়, মূলত ঘুস গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতেই এসব তদন্ত পরিচালিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


\r\n

কর্তৃপক্ষ আরও জানায়, এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।


\r\n

নাজাহা বলছে, জনস্বার্থে রাষ্ট্রীয় অর্থের সুরক্ষা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধই এই অভিযানের মূল লক্ষ্য।


\r\n

এ ছাড়া আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির বিষয়ে সন্দেহজনক কোনো তথ্য থাকলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার নিজস্ব ওয়েবসাইট।


\r\n

কর্তৃপক্ষের মতে, স্বচ্ছতা জোরদার, দুর্নীতিবিরোধী জাতীয় প্রচেষ্টা ও সুশাসন প্রতিষ্ঠায় জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।