রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের উদ্বোধন হয়। বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমেরা এতে যোগ দিচ্ছেন।

ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ সমাবেশস্থলে আসতে থাকেন। আয়োজনটি ঘিরে পুরো উদ্যানজুড়ে সৃষ্টি হয় জনস্রোত।

আয়োজকরা জানান, খতমে নবুওয়তের আকিদা রক্ষার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তারা বলেন, বিভিন্ন ইসলামপন্থী সংগঠন ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনে যোগ দিতে এসেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ড. আহমাদ ইউসুফ বিন্নুরী এবং অন্যরা। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিমও উপস্থিত আছেন।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও বহু আলেম।

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ।