দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের বরাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে জানানো হয়েছে, ওই দিন বেলা ১১টায় তিনি বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।


২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়। তখন পৌরসভার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।


পরবর্তী সময়ে বগুড়াকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবি একাধিকবার উঠলেও তা কার্যকর হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তৎকালীন জেলা প্রশাসক বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর স্থানীয় পর্যায়ে মতামত গ্রহণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়।


গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে সেই সময়সীমা পার হলেও সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়নি।


সর্বশেষ প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।