পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করছে। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।” প্রধানমন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানানো হয়।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে বুধবার (স্থানীয় সময়) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ঘোষণায় জানান, কানাডা পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে একযোগে এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে জানান, “ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।”

গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে পশ্চিমা বিশ্বে ফিলিস্তিন প্রশ্নে অবস্থান পাল্টে যাচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।