আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুমের দুই মামলা এবং রামপুরায় ২৮ জন হত্যা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হয়ে আর আইনি লড়াই করবেন না আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার।
রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি আনুষ্ঠানিকভাবে এ মামলাগুলো থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেন। ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তার আবেদন গ্রহণ করে এবং ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার করা হয়।
গত ২২ অক্টোবর তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ওই সময় আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার সরওয়ার। এর পরদিন তিনি সমালোচনার মুখে পড়েন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন। আমাদের ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন আদালত। আমরা তিনটি আবেদন করেছি—যেগুলোর মধ্যে একটি জামিনের আবেদন। এছাড়া প্রিভিলেজ কমিউনিকেশন ও তাদের সাবজেলে রাখার বিষয়ও রয়েছে।”
গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর, আর রামপুরা ২৮ হত্যার মামলার শুনানি ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।





