বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দ করা ২৭০ ফ্ল্যাট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ ফাওজুল কবির খান। বোর্ডের অন্যান্য সদস্যরা সভায় সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিষয়টি দৃষ্টিগ্রাহ্য করে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) তথ্য অধিদপ্তরের বিবরণীতে জানানো হয়, নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করে প্রথম পর্বে অনুষ্ঠিত ১১৪তম বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
সভায় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাট এবং সেতু কর্তৃপক্ষের অন্যান্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ওই এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।





