ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত বছরের জুলাই মাসে আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর জন্য ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর রক্তাক্ত মুখ গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। তার সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানিয়ে আমরা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দিচ্ছি না।”


উল্লেখ্য, এই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সানজিদা আহমেদ তন্বী নিজেই। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকেও জানানো হয়, তারা এই পদে কোনো প্রার্থী দেবে না, তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে।


এছাড়া ঘোষিত প্যানেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।

ঘোষিত প্যানেল: ভিপি (সভাপতি): আবিদুল ইসলাম খান (বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক), জিএস (সাধারণ সম্পাদক): তানভির বারী হামিম (কবি জসীমউদ্দীন হলের আহ্বায়ক), এজিএস (সহকারী সাধারণ সম্পাদক): তানভীর আল হাদী মায়েদ (বিজয় একাত্তর হলের আহ্বায়ক)


বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনীতরা: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি: এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া: চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক: মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি: আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া: চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন: মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন: মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ: আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন: মো. মেহেদী হাসান মুন্না


এই ঘোষণার মধ্য দিয়ে ছাত্রদল তাদের অবস্থান ও মূল্যবোধ স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন নেতারা।