আজ (রোববার) বিশ্ব হার্ট দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
বিশ্ব হার্ট ফেডারেশনের উদ্যোগে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর এ দিবস পালন করা হয়। এর উদ্দেশ্য হলো হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “হৃদযন্ত্রের যত্ন, জীবনের সুরক্ষা”।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, পৃথিবীতে প্রতি বছর প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ হৃদরোগে মারা যায়। বাংলাদেশেও হৃদরোগে মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। অস্বাস্থ্যকর খাবার, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে এ জন্য প্রধানত দায়ী করা হয়।
চিকিৎসকরা বলছেন, হৃদরোগ থেকে বাঁচতে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস, ধূমপান বর্জন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা সচেতনতামূলক আলোচনা, শোভাযাত্রা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে।





