সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে সাবেক সংসদ সদস্য আল্লামা ফকির আব্দুর রহমান (রহ.)-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা তিনটি প্রধান রাজনৈতিক দলই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে। এসব অনাচার বন্ধ করতে হলে আল্লাহর আইন বাস্তবায়নের বিকল্প নেই। জামায়াতে ইসলামী একটি মানবিক ও ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষ এখন পরিবর্তন চায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায়। এজন্য নির্বাচন প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন। সরকার ও প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
প্রধান অতিথি আরও বলেন, “দেশবাসী চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাইছে। যারা নিজেদের নেতাকর্মীদের দুর্নীতি থেকে বিরত রাখতে ব্যর্থ, তারা কখনো দেশ পরিচালনায় সাফল্য অর্জন করতে পারবে না। ইসলামী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে ঘরে ঘরে দাড়িপাল্লা মার্কার পৌঁছে দিতে হবে।”
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
গোলাম রব্বানী বলেন, “নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস কোনোভাবেই বরদাশত করা হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল আলম মিশু, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।