ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সানাউল্লাহ বলেন, “একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বর্তমান কমিশন প্রস্তুত।”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকানো আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মধ্য দিয়ে গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে।”
ইসি সানাউল্লাহ জানান, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন। তারা সবাই ঐতিহাসিক এ নির্বাচনের সাক্ষী হতে চান।
তিনি জানান, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।





