দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও দিনভর তীব্র বাতাস ও বৃষ্টিপাত হয়েছে। তবে হংকংয়ে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর জানায়, সুপার টাইফুন রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার গতির ঝড়ে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর মঙ্গলবার গভীর রাতে ঝড়টি তাইওয়ানের উপকূলে আছড়ে পড়ে।

তাইওয়ানের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে জন্ম নেওয়া রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে, একে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।